নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই চৌমুহনী পূর্ব বাজার কাচারী বাড়ি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
স্থানীয়দের তথ্য মতে, নাজমুল হাসান শিহাবের উদ্যোগে আয়োজিত এই মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় তারা বিক্ষোভ মিছিলের শেষ করে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়টির আসবাবপত্র ও নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এলএ




