শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না, পালিয়ে গিয়েও তৃষ্ণা বাড়ছে: রিজভী

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না, পালিয়ে গিয়েও তৃষ্ণা বাড়ছে: রিজভী
নিহত জাসাস ও কৃষক দলের দুই নেতার কবর জিয়ারত করছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুই প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপি নেতারা। ছবি: ঢাকা মেইল

বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে। পাশের দেশ থেকে অনুসারীদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম শিকার হয়েছেন- কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে রুহুল কবির রিজভী নড়াইলের কালিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে তার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিহত জাসাস ও কৃষক দলের দুই নেতার কবর জিয়ারত করেন। পরে তারা দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ-খবর নেন। রুহুল কবির রিজভী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কালিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোডাউন বের করেন। 

এ দিন সন্ধ্যায় পৌরসভার বেন্দারচর বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউনে অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা নিহত হন। 

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সব সময় তাদের পরিবারের পাশে থাকবে। এই শোক কোথায় রাখব? তার মায়ের কাছে কি জবাব দেব? তার স্ত্রীর কাছে কি জবাব দেব? এই বেদনা, এই শোক নিয়ে আমরা যাচ্ছি।

তিনি বলেন, বিএনপি শুধু এই দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা আর মানুষের নাগরিক অধিকারের জন্য লড়াই করেছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সেই লড়াই চলছে। তারেক রহমান এমন দেশ গড়তে চান, যেখানে আর কারো মায়ের বুক খালি হবে না, কোনো স্ত্রী স্বামীহারা হবে না, কোনো বোন ভাইহারা হবে না।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবে মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, আকরামদের মতো মাসুম বাচ্চাদের গুলি করে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল তারা। কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধের কাছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দেশের স্বাধীনতা যেমন কেউ কাড়তে পারবে না, সার্বভৌমত্ব যেমন কেউ কাড়তে পারবে না, ঠিক তেমনি এদের বিচার হবেই। গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করা সোহেল রানা ও সাইদুর রহমানের মর্যাদা হচ্ছে শহীদের মর্যাদা।

এ সময় সঙ্গে ছিলেন- বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল ইসলাম, বিএনপি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ান্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, মাহবুব মুর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর