চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে টহল গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার উত্তর সোনাপাহাড় চিনকি আস্তানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত আহত হন। আহতদের মধ্যে শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় থানার ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এসএস




