রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে শাহরাস্তি থানাসহ ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
গ্রেফতার ওমর ফারুক রুমী শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের কসবা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি আলোচনায় আসেন। ওই নির্বাচনে তার পক্ষে সরাসরি মাঠপর্যায়ে কাজ করেছিলেন তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওমর ফারুক রুমীর বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন এবং এলাকায় সহিংস তৎপরতায় তিনি অর্থের জোগান দিয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অর্থদাতা হিসেবে তার সংশ্লিষ্টতার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যদের তালিকায়ও ওমর ফারুক রুমীর নাম রয়েছে।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি মামলার এজাহারের কপি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় ওমর ফারুক রুমীকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের করা ওই এজাহারে তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “তিনি ঢাকায় গ্রেফতার হয়েছেন বলে জেনেছি। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।”
প্রতিনিধি/এসএস




