শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছাল রূপপুরে

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছাল রূপপুরে
সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানিকৃত ইউরেনিয়ামের সপ্তম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব তেজস্ক্রিয় জ্বালানি পরিবহন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লরিগুলো রূপপুরের উদ্দেশে রওনা হয়। যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে সেগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্য মোতায়েন ছিল। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল। এর আগে গত ১৪ নভেম্বর দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ চালান এবং গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এর পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও দুটি ফ্লাইটে জ্বালানি আসতে পারে। ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে রোসাটম।

প্রকল্প সূত্র জানায়, প্রায় দেড় বছর পর প্রথম ইউনিটের ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। সেজন্য অতিরিক্ত জ্বালানি আমদানি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর কেন্দ্রে জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট, দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চলছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে ইউনিটটি। ওই দিন প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদন সম্পন্ন হলে আগামী বছরের মার্চ থেকে প্রথম ইউনিটের উৎপাদন ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করে জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর