শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদপুরে পার্কিং করা গাড়িতে আগুন, তদন্তে পুলিশ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ এএম

শেয়ার করুন:

চাঁদপুরে পার্কিং করা গাড়িতে আগুন, তদন্তে পুলিশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি হাইস গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদুরভিটি মিয়াজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কয়েকটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার ম-৫১-০০১৫ নম্বরের হাইস গাড়িটির মালিক রনি হোসেন মোল্লা (২৭)। তিনি বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী। একটি প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনার পর চালানো শেখা ও ব্যবহারের জন্য একই এলাকার আব্দুস সাত্তার মাস্টারের ছেলে মোহাম্মদ আল-আমিন সিকদারকে (২৭) গাড়িটি দেন। গত ১০ দিন ধরে আল-আমিন গাড়িটি আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রেখেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গাড়িটির বেশ কয়েকটি অংশ পুড়ে যায়।

গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আল-আমিন। এ সময় তাকে বারবার মূর্ছা যেতে দেখা যায়।

আল-আমিন জানান, গত ১০ দিন ধরে গাড়িটি ওই স্থানে রাখা ছিল। কোনো শিক্ষার্থী না থাকায় গাড়িটি ব্যবহার করা হয়নি। ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাড়িটি দেখে গেছেন এবং গেট খুলে সবকিছু পরীক্ষা করেছেন। পরে তার মা ফোন করে গাড়িতে আগুন লাগার খবর দেন। কে বা কারা কীভাবে আগুন লাগিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে মতলব উত্তর থানা-পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর