বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ৪০ থেকে ৫০ জনের একটি দল ভবনটিতে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে কক্ষটির আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, আগুনে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। ভবন কমপ্লেক্সের অন্য অংশে থাকতেন তার বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারের কেউ সেখানে বসবাস করছেন না।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/এসএস




