ফেনীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে পেট্রোল বোমাসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফেনী সদর উপজেলার ফাজিলপুরের শরিয়ত উল্লাহর ছেলে জিয়াউল হক, সিলোনিয়ার আবদুর রাজ্জাকের ছেলে রাকিবুল হাসান, একই এলাকার শাহ আলমের ছেলে জাহিদুল আলম মাহিন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক তাহফিমুল ইসলাম বাবু হাজারী, ছলিম উল্ল্যাহর ছেলে জাকির হোসেন, নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আল রাজু, দাগনভূঞার সৌরভ হোসেন সাইমুন, ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক আশিক ও পৌর ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হুজাইফা তামিম।
পুলিশ জানায়, ফেনী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে পেট্রোল বোমাসহ চারজনকে আটক করা হয়। তারা হলেন- সদর উপজেলার শর্শদির মৃত জয়নাল আবেদিনের ছেলে রেজাউল করিম, কুমিল্লার মনোহরগঞ্জের আবু জাহেরের ছেলে মনির হোসেন, সদর উপজেলার ধলিয়ার নুরুন্নবীর ছেলে শেখ ফরিদ ও শর্শদির আবুল কাশেমের ছেলে মো. ইমরান।
এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছের বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, গ্রেফতার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তারা নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গ্রেফতার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এআরএম




