বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ: ১৩ বছর পর তিন আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ: ১৩ বছর পর তিন আসামির যাবজ্জীবন

বরগুনায় ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার ১৩ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার মো. নান্না, শিয়ালিয়া এলাকার মো. জাফর এবং ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকার কবির।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগী কিশোরী বরগুনা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে আসা-যাওয়ার পথে অভিযুক্তরা প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ২৮ জানুয়ারি ওই কিশোরী পাশের বাড়িতে এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যায়। রাতে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তিনজন তাকে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

এ ঘটনায় ওই বছরই ভুক্তভোগী কিশোরী বরগুনা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর