জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির বাবা-মা। তবে প্রতিবেশীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নেভানো হয়েছে।
গত বুধবার রাত ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে এ আগুন দেওয়ার চেষ্টা করেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
রাফি জানান, ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে প্রাণে রক্ষা পান তার বাবা-মা।
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে খান তালাত মাহমুদ রাফি এ অভিযোগ করেন। পোস্টে তিনি লেখেন, ‘রাত রাত ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’ এ সময় তিনি ঘটনার কয়েকটি ছবিও পোস্ট করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, গত রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে। এসময় পরিবারের লোকজন জেগে যাওয়ায় আর আগুন দিতে পারেনি। চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এলএ




