বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন, পেট্রলবোমা নিক্ষেপ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন, পেট্রলবোমা নিক্ষেপ

নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সদর উপজেলার ঠাকুরাকোনা শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। একই সময়ে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের খলিশাউড় শাখায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে হঠাৎ কার্যালয়ের মূল ফটক লক্ষ্য করে কাচের বোতলে তৈরি একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তবে ব্যাংকের সীমানাপ্রাচীর ও দেয়ালে আগুনের দাগ লেগেছে।

ঘটনার বিবরণ দিয়ে গ্রামীণ ব্যাংকের ঠাকুরাকোনা শাখার ব্যবস্থাপক শ্যামল চন্দ্র বলেন, “রাত দুইটা ৪০ মিনিটের দিকে হঠাৎ রাস্তার দিক থেকে কাচের বোতলে পেট্রোল ভরা একটি পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। সে সময় আমি ও নৈশপ্রহরী চিৎকার দিলে তারা দ্রুত পালিয়ে যায়।”

শাখা ব্যবস্থাপক জানান, মূল ফটকের সামনে আগুন জ্বলে উঠলেও দ্রুত তা নিভে যাওয়ায় নথিপত্র বা কার্যালয়ের ভেতরে কোনো ক্ষতি হয়নি। পরে ঘটনাস্থলে অক্ষত অবস্থায় পেট্রলভর্তি আরেকটি কাচের বোতল পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্প্রতি নেত্রকোনার চল্লিশা ও আমতলাসহ জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর