বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

নড়াইলে হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা (৪০) ও শাহিনুর শেখের বাড়িতে চলছে শোকের মাতম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কালিয়া উপজেলার বড় কালিয়া ও মির্জাপুর গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা কান্নায় ভেঙে পড়ছেন। একে একে বাড়িতে আসছেন প্রতিবেশী, এলাকাবাসী ও আত্মীয়স্বজন। কেউ শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন।

নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মরদেহের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহ কালিয়ায় পৌঁছেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে কালিয়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন।

গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌর এলাকার বেন্দারচর এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর শেখ ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হলে সোহেল রানা ও শাহিনুর শেখের মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে সোহেল রানার বাড়িতে গেলে তার বোন জ্যোতি খানম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘লাশ নেব না, আমার ভাইরে তাজা আইনে দাও। ভাইরে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের হাত-পায়ের রগ কাটা, গলায় কাটা, মাথায় গুলি।’ কান্নার কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তিনি আরও বলেন, ‘আমার সোনার টুকরো ভাই। সেই ভাই আমার চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই।’

এরপর মির্জাপুর গ্রামে শাহিনুরের বাড়িতে গেলে তার স্ত্রী রিমা খাতুন আক্ষেপ করে বলেন, ‘ঘটনা সবাই জানবে-শুনবে, কিন্তু ব্যথা কেউ পাবে না। আমার ভেতর যে যন্ত্রণা, কেউ তো দেখবে নে। আমার সন্তান বাপ হারাইছে। আমি ১০ বছরের সংসার হারাইছি।’

ছেলে হত্যার বিচার দাবি করে শাহিনুরের বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, ‘ওরা সন্ধ্যার সমায় মোটরসাইকেল নিয়ে মিছিলে গেছেল। এমপির (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য) কবিরুল হক মুক্তির বাড়ির কাছের একটা মোড়ে গিলি ওগের ওপর হামলা করিছে, মারিছে।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘যারা জড়িত, আমরা তাদের তথ্য সংগ্রহ করেছি। হত্যাকারীদের গ্রেফতারে আমাদের জোরদার অভিযান চলছে। দ্রুত ভালো একটা ফলাফল আমরা দিতে পারব।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর