ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ গরুর হাট এলাকায় একটি পরিত্যক্ত ভবনের পেছন থেকে পলিথিনের ব্যাগে রাখা ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পেছনে পরিত্যক্ত ভবনটির কাছে ককটেলগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল ইসলামকে জানান।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করেন এবং নিষ্ক্রিয় করেন।
এসআই আরিফুল হাসান জানান, এ নিয়ে ভয়ের কিছু নেই। ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




