ঝালকাঠির নলছিটিতে দুই বাসের সংঘর্ষে মো. সুমন (২৩) নামে বরগুনার এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমন গ্রিনভিউ পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
নিহত সুমন বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের আমজেদ মার্কেট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় গ্রিনভিউ পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে গ্রিনভিউ পরিবহনের হেলপার সুমন গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে বরগুনার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, সড়কে চালক ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক থাকতে হবে, যাতে এ ধরনের দুর্ঘটনায় আর কোনো প্রাণহানি না ঘটে।
বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ইকবাল হোসেন সোহাগ বলেন, ‘সুমনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন তরুণ পরিবহন শ্রমিক ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে পরিবহনসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।’
মৃত্যুকালে সুমন স্ত্রী, ছোট এক কন্যাসন্তান ও বাবা-মাকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই তরুণের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/এসএস




