বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুই দিন নিখোঁজের পর সুরমা নদীতে মিলল শিক্ষকের মরদেহ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

দুই দিন নিখোঁজের পর সুরমা নদীতে মিলল শিক্ষকের মরদেহ
অদ্বৈত্য সরকার আদিত্য।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অদ্বৈত্য সরকার আদিত্যের বলে শনাক্ত করেন।

নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবারের বরাতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন অদ্বৈত্য সরকার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সুরমা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি আরও জানান, দুই দিন পেরিয়ে যাওয়ায় মরদেহে পচন ধরেছে। ফলে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর