বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

বেলকুচিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আ.লীগ কর্মী নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

বেলকুচিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আ.লীগ কর্মী নিহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

নিহতের মামা আছির উদ্দিন বলেন, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তার স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

আছির উদ্দিন আরও বলেন, তার ভাগনে আশরাফ আলী আওয়ামী লীগ সমর্থক ছিলেন। তবে দলে কোনো পদ-পদবী নেই।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, গতরাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তেরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর