বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাস ও ট্রাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর সেতু এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই করে আসা ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় আনলোডের অপেক্ষায় ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও সহকারী (হেলপার) গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন।

2bf33ff0-6d4b-49b0-97d4-6aad40531d16

পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।

এ সময় চালক ট্রাকটি রক্ষার চেষ্টা করতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান। পরে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর সেতু এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর