বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করেনি। বৈরী আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

তবে আগে থেকে বৃহস্পতিবারের টিকিট কেটে রাখা পর্যটকেরা আবহাওয়া স্বাভাবিক হলে একই টিকিটে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। আর সময়ের সীমাবদ্ধতার কারণে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে ফিরিয়ে আনা হবে। দ্বীপে অবস্থানরত পর্যটকদের দেখভালের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

4addd73c-f13a-460b-879a-480fdbcdf3f2

সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজমালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠায় সাগরে সতর্কসংকেত জারি করা হয়েছে। সমুদ্রও উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবারের টিকিট কাটা পর্যটকেরা আবহাওয়া স্বাভাবিক হলে একই টিকিটে ভ্রমণ করতে পারবেন। কেউ ভ্রমণে যেতে না চাইলে টিকিটের পুরো মূল্য ফেরত দেওয়া হবে।

এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। এসব জাহাজে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের দ্বীপে যাওয়ার সুযোগ রয়েছে। নির্ধারিত নিয়ম মেনে পর্যটকদের দ্বীপে রাতযাপনেরও সুযোগ রাখা হয়েছে।

তবে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে সরকার ঘোষিত ১২টি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। পর্যটকদের চলাচল নিয়মিত নজরদারি করা হচ্ছে। পাশাপাশি দ্বীপের সংরক্ষিত জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকা ছেঁড়াদিয়ায় পর্যটকদের প্রবেশ ঠেকাতে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

d1fee02f-bc68-4acd-89d7-e636033dcc20

উল্লেখ্য, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র সংরক্ষণে ১৯৯৯ সালে পুরো দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, এ এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সেন্টমার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।

আইন অনুযায়ী, সেন্টমার্টিনে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর