ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ট্রলি উল্টে ফোরকান গাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফোরকান গাজী ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার মরতুজা গাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রলি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফোরকান গাজী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজনও ঘটনাস্থলে পৌঁছান।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি




