বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ও সকালে পৃথক এ ঘটনায় দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভোরে জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় ট্রাকে ও সকাল সোয়া নয়টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে খড়বোঝাই ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন।

ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

naraya-1

এ সময় চালক ট্রাকটি রক্ষা করতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুরে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা বলেন, দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর