পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা স্লিপার ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাটা-দৈহারী জামে মসজিদ সংলগ্ন দৈহারী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনের ব্রিজ সংস্কারের দাবিতে এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরতকাঠী আলেয়া মেম্বারের বাড়ির সামনে ও দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা-দৈহারী জামে মসজিদ ও মাদরাসা-এতিমখানার সামনের সংযোগ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১৯৬৬ সালে নির্মিত এসব আয়রন ব্রিজ প্রায় ৬০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে। দুটি ইউনিয়নের সংযোগ স্থাপনকারী হওয়ায় প্রশাসনিক জটিলতার কারণে ব্রিজগুলোর সংস্কারকাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
তারা আরও জানান, ব্রিজ দুটি সংস্কারের দাবিতে এলাকাবাসী উপজেলা পরিষদে তিনবার এবং জেলা পরিষদে একবার লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের উদ্যোগে একাধিকবার ব্রিজগুলো মেরামত করেছেন। বর্তমানে ঝুঁকি নিয়েই প্রতিদিন এসব ব্রিজ দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
স্থানীয়দের দাবি, ব্রিজ দুটি দিয়ে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, একটি এতিমখানার শিক্ষার্থীসহ আশপাশের পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। এ ছাড়া কাঁটা-দৈহারী কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরাও নিয়মিত ব্রিজটি ব্যবহার করেন। জরাজীর্ণ ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের।
_20261119_082450847.jpg)
মানববন্ধনে ১০৭ নম্বর দৈহারী-ভরতকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপর্ণা রানী বলেন, প্রায় ৬০ বছর আগে নির্মিত এই আয়রন ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। প্রতিবছরই ব্রিজ দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হতে হয়। দুর্ঘটনা এড়াতে ব্রিজটি দ্রুত মেরামত করা অত্যন্ত জরুরি।
স্থানীয় যুবক ও সমাজসেবক মো. শামসুল হক হাওলাদার বলেন, ব্রিজসংলগ্ন এলাকা দিয়ে প্রতিদিন পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজে সরকারিভাবে কোনো সংস্কারকাজ হয়নি। স্থানীয়ভাবে একাধিকবার মেরামত করা হলেও জনপ্রতিনিধি কিংবা সরকারি বরাদ্দের মাধ্যমে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিজ দুটি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী আজ একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক নুর ইসলাম তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল বেপারী, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মোবেন চৌধুরী, সমাজসেবক শামসুল হক হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, মাসুদ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত ব্রিজ দুটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
প্রতিনিধি/টিবি




