বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বর পছন্দ হয়নি কনের, বিয়ে ভাঙতে বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ!

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

শেয়ার করুন:

বর পছন্দ হয়নি কনের, বিয়ে ভাঙতে বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ!
মাথায় পাগড়ি পরা বর তাওফিকুর রহমান,  সাথে বরযাত্রী। ছবি: ঢাকা মেইল

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে আত্মীয়-স্বজন ও বরযাত্রীদের ভিড়। বিয়ে পড়াতে কাজীও উপস্থিত। চলছিল খাওয়া-দাওয়া। এমন সময় বরের জন্য বিশেষভাবে মিষ্টি নিয়ে আসেন বোরকা পরা এক তরুণী। বলে দেন, ‘এই মিষ্টি শুধু বরই খাবেন, অন্য কেউ নয়।’ মিষ্টি মুখে তুলতেই বিষের গন্ধ পান বর। বিষয়টি জানাতেই পরীক্ষা করে মিষ্টিতে কীটনাশক থাকার সন্দেহ করেন স্বজনরা। এ সময় ওই তরুণীর হাতে কীটনাশকের বোতলও দেখতে পান তারা। মুহূর্তেই বিয়েবাড়িতে শুরু হয় হইচই। শেষ পর্যন্ত বিয়ে না করেই বরকে নিয়ে বাড়ি ফিরে যান স্বজনরা। 

স্থানীয় লোকজনের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেন তিনি। 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। আর কনে সাদিয়া আক্তার (২০) বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বরের চাচাতো ভাই বজলুর রহমান বলেন, বিকেল ৩টার দিকে তারা বরসহ কনের বাড়িতে পৌঁছান। তখন বিয়ে পড়ানোর জন্য কাজীও উপস্থিত ছিলেন। বরের সঙ্গে আসা লোকজন খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তিনি বরের পাশে বসা ছিলেন। এর মধ্যে বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, ‘এই মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ খেতে পারবেন না’।

বজলুর রহমান বলেন, বর তাওফিকুর রহমান মিষ্টি মুখে দেওয়ার সময় বিষের গন্ধ পান। বিষয়টি তাদের জানালে তারা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করেন। ওই তরুণীর হাতে কীটনাশকের বোতলও দেখেছেন তারা। কৃষিকাজে কীটনাশক ব্যবহার করায় বোতলটি তাদের পরিচিত মনে হয়েছে। মিষ্টি রেখে তরুণীটি দ্রুত চলে যান। 

পরে কনের পক্ষের লোকজনকে বিষয়টি জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও তাকে চেনেন না বলে জানান।

তিনি আরও বলেন, এমন ঘটনায় তারা সবাই ভয় পেয়ে যান এবং মানসিকভাবে ভেঙে পড়েন। পরে দ্রুত বরকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যার পর বাড়ি ফিরে যান। এ ঘটনায় বিয়ে আর হয়নি। আপাতত বিয়ে বন্ধ রয়েছে। দুই পরিবারের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

একই ধরনের কথা জানিয়েছেন বরের ফুফাতো ভাই সাগর মিয়া।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনরা জানান, বিয়ের আসরে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টি খাননি। ফলে তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। তবে তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বরের মিষ্টিতে বিষ দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় এক গ্রাম পুলিশ তাকে ফোন করে জানিয়েছেন, বর পছন্দ না হওয়ায় কনে এক মেয়েকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়। তবে ঘটনাটি সত্য কি না, তা তিনি নিশ্চিত নন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তিনি জানেন না। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর