দেশব্যাপী লকডাউন কর্মসূচির এক দিন আগে শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
স্থানীয়দের কেউ বলছেন, জমিতে ককটেল শুকানোর সময় বিস্ফোরণ ঘটেছে।
অন্যদিকে আহতদের স্বজনদের দাবি, প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের একটি ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার তারামিয়া জমাদ্দারের ছেলে নয়ন জমাদ্দার (৩০), মজিদ জমাদ্দারের ছেলে আনোয়ার জমাদ্দার (৫০) এবং আনোয়ার জমাদ্দারের ছেলে আরমান জমাদ্দার (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ ফসলি জমিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে জমিতে থাকা তিনজন আহত হন। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে নয়নের আঘাত গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিতে ককটেল রোদে শুকানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে আহতদের স্বজনদের দাবি, এলাকায় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন তারা জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে তিনজন আহত হন। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কারও নাম জানাতে পারেননি তারা।
স্থানীয় কৃষক ছায়াদ জমাদ্দার বলেন, আমি পাশের একটি ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, তিনজন আহত অবস্থায় পড়ে আছেন। তাদের মধ্যে নয়নের অবস্থা গুরুতর ছিল। পরে শুনেছি, তাদের ওপর নাকি বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা বোমা ছুড়েছে, তা আমি নিজে দেখিনি।
এ বিষয়ে সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
প্রতিনিধি/এলএ




