বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

দেশ-বিদেশে ছড়াচ্ছে যশোরের মোহর আলীর হাতের তৈরি সুবাসিত নলেন গুড়-পাটালি

আলমগীর হোসেন, শার্শা (যশোর)
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

দেশ-বিদেশে ছড়াচ্ছে যশোরের মোহর আলীর হাতের তৈরি সুবাসিত নলেন গুড়-পাটালি
খেজুরের গুড় পাটালি তৈরি করছেন যশোরের শার্শার মোহর আলী। ছবি: ঢাকা মেইল

২০ বছর ধরে খেজুরের গুড় পাটালি তৈরি করছেন যশোরের শার্শার মোহর আলী। তার তৈরি গুড় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ও ইতালিসহ বিভিন্ন দেশে যাচ্ছে তার গুড় । 

শীতের ভোরে খেজুরগাছ থেকে সংগ্রহ করা টাটকা রস। সেই রস বড় কড়াইয়ে জ্বাল দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু পাটালি ও নলেন গুড়। গ্রামের বাড়ির উঠানে আগুনের তাপে ফুটতে থাকা রসের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। খেজুরের রস ও গুড় তৈরির এই কাজকে পেশা হিসেবে বেছে নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কালীয়ানি গ্রামের মোহর আলী মেম্বার। প্রায় ২০ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত।

প্রতিদিন ফজরের আজানের সময় মাঠে গিয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন মোহর আলী। পরে সেই রস বাড়িতে এনে বড় কড়াইয়ে জ্বাল দিয়ে তৈরি করেন পাটালি ও নলেন গুড়। পাশাপাশি বিক্রি করেন কাঁচা রসও। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পরিশ্রমে গড়ে তুলেছেন নিজের গুড় তৈরির উদ্যোগ। এই কাজের আয় দিয়েই চলে তার সংসার।

মোহর আলীর তৈরি গুড়ের চাহিদা এখন শুধু শার্শা বা যশোরের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা তার বাড়িতে এসে গুড় কিনে নিয়ে যান। 

মোহর আলীর ভাষ্য, ক্রেতারা তার তৈরি গুড় ইউরোপ, আমেরিকা, ইতালি, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছেন। এতে তার পেশার পরিধি বেড়েছে, তৈরি হয়েছে বাড়তি আয়ের সুযোগ।

মোহর আলী মেম্বার বলেন, ‘প্রায় ২০ বছর ধরে খেজুরের রস ও গুড় তৈরির কাজ করছি। এই কাজ করেই আমি সংসার চালাই এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি। নিজের হাতে রস সংগ্রহ করে গুড় তৈরি করি। আমার বাড়ি থেকেই বিভিন্ন এলাকার মানুষ গুড় কিনে নিয়ে যান। তারা এসব গুড় বিদেশেও নিয়ে যান। খাঁটি খেজুরের রস দিয়ে ভালো মানের গুড় তৈরি করার চেষ্টা করি। ক্রেতারা আমার গুড় পছন্দ করেন, এটাই আমার বড় পাওয়া।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, এ বছর শার্শা উপজেলায় প্রায় ৮০ হাজার খেজুরগাছে রস সংগ্রহের কার্যক্রম চলছে। শার্শার খেজুরের রস ও গুড়ের সুনাম রয়েছে। এখানকার গুড় দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও শার্শার খেজুরের গুড় যাচ্ছে।

স্থানীয় সাবেক চেয়ারম্যান রহিম বলেন, মোহর আলী খাঁটি খেজুরের রস দিয়ে গুড় তৈরি করেন। তার তৈরি গুড়ের স্বাদ ও মান ভালো হওয়ায় দূর-দূরান্ত থেকে ক্রেতারা তার বাড়িতে আসেন। দীর্ঘদিন ধরে তিনি এই কাজ করছেন। তার মতো উদ্যোক্তাদের কারণে এলাকার ঐতিহ্য টিকে থাকার পাশাপাশি মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হচ্ছে।

যশোর অঞ্চলে খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য বহুদিনের। শীত এলেই গ্রামাঞ্চলে শুরু হয় খেজুরগাছ প্রস্তুত, রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা। খেজুরের রস থেকে তৈরি পাটালি, ঝোলা ও দানাদার গুড় বাঙালির শীতকালীন খাবারের অন্যতম আকর্ষণ। পিঠাপুলি, পায়েসসহ নানা খাবারে এই গুড়ের ব্যবহার রয়েছে।

সময়ের পরিবর্তনে অনেক এলাকায় খেজুরগাছ থেকে রস সংগ্রহের প্রচলন কমে এলেও মোহর আলীর মতো মানুষেরা নিজেদের শ্রম ও অভিজ্ঞতা দিয়ে ঐতিহ্যবাহী এই পেশা ধরে রেখেছেন। তাদের হাত ধরে গ্রামবাংলার ঐতিহ্য টিকে থাকার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও তৈরি হচ্ছে সম্ভাবনা।

খেজুরের রস থেকে তৈরি গুড় এখন শুধু শীতের ঐতিহ্য নয়, মোহর আলীর মতো পরিশ্রমী মানুষের স্বাবলম্বী হওয়ারও একটি মাধ্যম।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর