নাটোর গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় বোতলে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা চালানো হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কার্যালয় বন্ধ করে নেতাকর্মীরা বাড়িতে চলে যায়। এরপর গভীর রাত দুইটার দিকে হঠাৎ কার্যালয়ের সামনে বিকট শব্দে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। শব্দ পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ঘটনাস্থলে এসে ককটেলের খোসা ও বোতলে পেট্রোল পড়ে থাকতে দেখেন। ঘটনাটি সঙ্গে সঙ্গে থানা পুলিশ জানান তারা।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কার্যালয় বন্ধ করে বাড়িতে চলে আসি। রাত ২টার দিকে বিকট শব্দ শুনে বাহিরে বের হই। কার্যালয়ের সামনে দুটি ককটেলের খোসা পড়ে থাকতে দেখি। ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটিয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে আগুন দিয়ে নাশকতা করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করেছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/টিবি




