মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

লালমনিরহাট সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুশ ইনের অভিযোগ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাট সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুশ ইনের অভিযোগ
ধনেশ্বর বর্মণ (৫৫)। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি স্থানীয় বাজারে তাঁকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পাটগ্রাম থানা-পুলিশকে খবর দেন। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ধনেশ্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

থানা-পুলিশ, বিজিবি, স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৪ নম্বরের উপপিলার ৪ থেকে ৫ নম্বরের একদিকে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগিরহাট সীমান্ত। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট সীমান্ত এলাকা।

সূত্রগুলোর দাবি, মঙ্গলবার ভোরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার ফটক দিয়ে ধনেশ্বরকে মারধর করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠান। পরে তিনি হেঁটে সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় গিয়ে অবস্থান নেন।

বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা পাটগ্রাম থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম ধনেশ্বর বর্মণ, বাবার নাম রমেশ্বর বর্মণ এবং মায়ের নাম শেকেরী বালা বর্মণ বলে জানান। তাঁর বাড়ি ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকায় বলে জানান তিনি।

এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা তিনি শুনেছেন। থানা-পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। তিনি বলেন, লোকটি অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন। তিনি সঠিকভাবে বলতে পারছেন না কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁর কথাবার্তা থেকে যতটুকু বোঝা যাচ্ছে, তিনি ভারতীয় নাগরিক। যেহেতু তিনি থানা হেফাজতে আছেন, তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএসএফের সঙ্গে যোগাযোগের বিষয়ে কারিমুল ইসলাম বলেন, এখনো যোগাযোগ করা হয়নি। যোগাযোগ করা হলে পরে জানানো হবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি শূন্যরেখায় ঘটেনি এবং ওই ব্যক্তিকে সেখানে পাওয়া যায়নি। তাই পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ওসি আরও বলেন, ওই ব্যক্তির পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর ভারতীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হলে এবং তাঁর পাসপোর্ট না থাকলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর