মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসক উষার উদ্যোগ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

শেয়ার করুন:

যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসক উষার উদ্যোগ
মূল ছবিতে ভৈরব নদ পরিষ্কারের দৃশ্য। ইনসেটে চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা

নদ খনন হয়েছে, সৌন্দর্যবর্ধনে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু তাতেও ফেরেনি যশোরের ভৈরব নদের প্রাণ। কচুরিপানার বিস্তার, বর্জ্য ও দূষণে নদটির স্বাভাবিক প্রবাহ এখন অনেকটাই বাধাগ্রস্ত। কোথাও পানির অস্তিত্ব বোঝাই কঠিন। 

অথচ এই নদকে ঘিরেই একসময় গড়ে উঠেছিল যশোরের জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও নৌযোগাযোগ। ভৈরবের নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ২৭৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে নদটি আবারও সংকটে পড়েছে।

এমন পরিস্থিতিতে ভৈরবকে বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। কোনো সংগঠন কিংবা প্রশাসনের অপেক্ষায় না থেকে গত ৬ নভেম্বর নিজেই নদে নেমে কচুরিপানা সরানোর কাজ শুরু করেন। পরদিনও একা কাজ করেন। 

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার আহ্বানে সাড়া দিয়ে ৯ নভেম্বর যশোর শহরের দড়াটানা এলাকায় নদ পরিষ্কারে অংশ নেন অর্ধশতাধিক মানুষ। খুলনা থেকেও স্বেচ্ছাসেবীরা এসে যোগ দেন। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক নেতারাও এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন।

উষার এই উদ্যোগের পেছনে রয়েছে শৈশবের স্মৃতি। যশোর শহরের ঘোপ এলাকায় বেড়ে ওঠা এই চিকিৎসক ছোটবেলায় ভৈরবের স্বচ্ছ পানি, নৌকা চলাচল ও নদীর সৌন্দর্য দেখেছেন। সময়ের ব্যবধানে সেই চেনা নদটির এমন দশা তাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল। তাই আক্ষেপের বদলে নিজের জায়গা থেকে পরিবর্তনের চেষ্টা শুরু করেন তিনি।

৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা সাদিয়া মনোয়ারা উষা বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয়ে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। পাশাপাশি এফসিপিএস (গাইনি অ্যান্ড অবস) প্রশিক্ষণার্থী।

S

উষা বলেন, মানুষের সুস্থতার জন্য চিকিৎসার পাশাপাশি সুস্থ পরিবেশও অপরিহার্য। কিন্তু যশোরের প্রাণ হিসেবে পরিচিত ভৈরবের অনেক অংশ এখন বড় ড্রেনের মতো হয়ে গেছে। আশপাশের হাসপাতাল, হোটেল, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির বর্জ্য নদে ফেলার অভিযোগ রয়েছে। এতে পানি দূষিত হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে কচুরিপানার বিস্তার বাড়ছে।

তিনি বলেন, ‘শুধু কচুরিপানা সরিয়ে নদটিকে সাময়িকভাবে পরিষ্কার করতে চাই না। আমার স্বপ্ন, ভৈরব আবার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে। নদীর পানিতে আকাশের ছায়া পড়বে, পূর্ণিমার রাতে দেখা যাবে চাঁদের প্রতিবিম্ব।’

তার ডাকে সাড়া দিয়ে বিএনপির অঙ্গ সংগঠন, উই আর বাংলাদেশ ফাউন্ডেশন, বিডি ক্লিনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। স্বেচ্ছাসেবী সাজিদ হোসেন বলেন, ‘ডাক্তারের পোস্ট দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পারি নিজেদের উদ্যোগে কচুরিপানা অপসারণ এবং নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করতে কাজ করব। আমরা সাত-আটজন বন্ধু মিলে এখানে এসেছি।’

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। নদটি রক্ষা করা শুধু সরকারের নয়, সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব। চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষার ব্যক্তিগত উদ্যোগে যেভাবে মানুষ এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তবে শুধু কচুরিপানা পরিষ্কার করলেই হবে না, নদ দখল ও দূষণ বন্ধ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

২৭৯ কোটি টাকার প্রকল্প, তবু কাটেনি সংকট

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরটি গ্রামে পদ্মার শাখা জলঙ্গি নদী থেকে ভৈরবের উৎপত্তি। বাংলাদেশে প্রবেশের পর চুয়াডাঙ্গার দর্শনা, ঝিনাইদহের কোটচাঁদপুর, যশোরের বিভিন্ন এলাকা এবং খুলনার ফুলতলা, দিঘলিয়া ও দৌলতপুর হয়ে খুলনা নগরের কাস্টমঘাট এলাকায় রূপসা নদীতে মিশেছে এটি। চৌগাছার তাহেরপুর থেকে রূপসা-ভৈরবের মিলনস্থল পর্যন্ত নদটির দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার।

নদের নাব্যতা ফিরিয়ে আনা, নৌযান চলাচল স্বাভাবিক করা এবং জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে ২০১৬ সালের ১ জুলাই শুরু হয় ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৭২ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির সময়সীমা পরে বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন করা হয়। একই সঙ্গে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা।

প্রকল্পের আওতায় চৌগাছার তাহেরপুর থেকে যশোর সদরের বসুন্দিয়া পর্যন্ত ৯২ কিলোমিটার নদ পুনঃখনন এবং বসুন্দিয়া থেকে আফ্রা ঘাট পর্যন্ত আরও চার কিলোমিটার ড্রেজিং করা হয়। এছাড়া যশোর শহরের প্রাণকেন্দ্রে নদের তীরে ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার এলাকাজুড়ে সৌন্দর্যবর্ধন করা হয়।

কিন্তু প্রকল্প শেষ হওয়ার কয়েক বছরের মধ্যেই নদটির বিভিন্ন অংশে কচুরিপানা ও আবর্জনার বিস্তার নতুন করে সংকট তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, ভৈরবের ওপর নির্মিত ৫২টি অপরিকল্পিত সেতু নদটির স্বাভাবিক প্রবাহ ও নৌযোগাযোগের অন্যতম বাধা। এসব সেতুর কারণে জোয়ার-ভাটার পানি নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। অনেক স্থানে পানি স্থবির হয়ে থাকায় কচুরিপানা জন্মাচ্ছে ও ছড়িয়ে পড়ছে। ফলে নদটির শহর অংশে নৌকা চলাচলও প্রায় বন্ধ।

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, ভৈরব নদের শহর অংশ থেকে কচুরিপানা অপসারণে সরকারি বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই এ কাজ শুরুর প্রস্তুতি চলছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর