মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

দাফনের ২৪ দিনের মাথায় কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

দাফনের ২৪ দিনের মাথায় কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

মেয়েকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নতুন এক বেদনাদায়ক ঘটনার মুখোমুখি হয়েছেন শরীয়তপুরের এক পরিবার। দাফনের ২৪ দিন পর কবর খুঁড়ে এক বছর বয়সী শিশুর মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে কবরস্থানে গিয়ে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে কবরের ভেতরে শিশুটির মরদেহ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

ঘটনাটি ঘটেছে জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি পারিবারিক কবরস্থানে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

নিখোঁজ শিশুটির নাম ফাহিমা। সে স্থানীয় বাসিন্দা গোলাম হোসেন খালাসীর মেয়ে। তার বয়স হয়েছিল ১ বছর ১ মাস। পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। পরে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বজনেরা জানান, মেয়েকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার। মাঝেমধ্যে তারা কবরের পাশে গিয়ে দোয়া করেন। ঘটনার আগের দিন সোমবার সন্ধ্যায়ও একজন হুজুরকে দিয়ে শিশুটির জন্য দোয়া করানো হয়। কিন্তু পরদিন সকালে কবরস্থানে গিয়ে কবর খোঁড়া এবং মরদেহ না থাকার বিষয়টি দেখতে পান তারা।

7d8405b9-fe7c-4fd4-ae58-b9c96effbede

শিশুটির মা শাহাজান বেগম বলেন, “পানিতে পড়ে আমার মেয়ের মৃত্যু হলে তাকে এখানে দাফন করি। গতকাল সন্ধ্যাতেও হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছি। আমরা মাঝেমধ্যে কবরের কাছে এসে দোয়া করি। মেয়েকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। এর মধ্যে কবর থেকে মেয়ের মরদেহও চুরি হয়ে গেছে। আমরা আমাদের মেয়ের মরদেহ ফেরত চাই।”

স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, দাফনের এক মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির মরদেহ উধাও হয়ে গেছে। কোনো কবিরাজ মরদেহটি নিয়ে যেতে পারে বলে তাদের ধারণা। তিনি আরও জানান, গত দুই বছরে একই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। তবে সেগুলোরও কোনো সন্ধান মেলেনি।

1a172540-9fa0-4020-abc4-303f92b58431

এ বিষয়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী বলেন, ছুরিরচর এলাকার কবর থেকে মরদেহ চুরির বিষয়টি তার জানা নেই। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, পুলিশ ঘটনাটি জানতে পেরেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর