টাঙ্গাইলের ভূঞাপুরে এক বীর মুক্তিযোদ্ধার জমির কাচা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তুলা শেখ নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক কর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তুলা শেখ কয়েড়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিলেন। শনিবার সন্ধ্যায় তার নামে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন জমির দাবিদার সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ভুক্তভোগী আবুল কালাম আজাদ।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের যুবলীগের সক্রিয় নেতা তুলা শেখ কয়েড়া মৌজার ২৮৩ এবং ৭৮৯ খতিয়ানের ৩২৯৫ দাগের ৩৮ শতাংশ আবাদি জমির মালিকানা দাবি করে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন।
ইতোমধ্যে এ নিয়ে আদালতে বাটোয়ারা মামলা হয়েছে এবং বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়। সালিশে ভুক্তভোগীর পক্ষে রায় দিলেও তা মানতে নারাজ প্রতিপক্ষরা। পরবর্তীতে সালিশদার উভয়পক্ষকে জমিতে যেতে নিষেধ করলেও তা মানেননি প্রতিপক্ষ তুলা শেখ ও তার লোকজন।
গত শুক্রবার সকালে ওই যুবলীগ নেতা তার দলবল নিয়ে বীর মুক্তিযোদ্ধার কাচা ধান কেটে নেন। এতে ভুক্তভোগী প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে দাবি করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, জমির ধান কাটাকে কেন্দ্র করে যুবলীগ নেতা তুলা শেখ তার ভাই-ভাতিজারা ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে নানা হুমকি-দামকি দিয়ে আসছেন। এ নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ধান কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এই জমিটি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের। তিনিই ভোগ-দখলে রয়েছেন। যারা তার জমির ধান কেটে নিয়েছেন তারা জমির কেউ না।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, আবাদি এই জমিটি তার পৈত্রিক সম্পত্তি। জমিটি তিনিই ভোগ-দখল করে আসছেন। কিন্তু তাদের প্রতিপক্ষ তুলা জমিটি নিজের বলে মালিকানা দাবি করে জোরপূর্বক জবরদখলের পায়তারা করছে। ইতিমধ্যে ওরা দলবল নিয়ে জমির আধাধান কেটে নিয়ে গেছে। প্রতিবাদ করতে গেলেও নানা হুমকি-দামকি দিচ্ছেন। তাই প্রতিকার চেয়ে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তার।
অন্যদিকে তুলা শেখ দাবি করেন, জমিটি তাদের দাদির সম্পত্তি। আবুল কালাম আজাদ তাদের অংশ বুঝিয়ে দিচ্ছেন না। দীর্ঘদিন সে নানা টালবাহানা করে আসছে। এ নিয়ে আদালতে বাটোয়ারা মামলা হয়েছে এবং গ্রাম্য সালিশে কোনো সমাধান হয়নি। তার নিজের অংশের ধানই তিনি কেটেছেন।
কয়েড়া ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মিজানুর রহমান মিন্টু বলেন, তুলা আওয়ামী লীগ করে। বীর মুক্তিযোদ্ধার ধান কেটে নেওয়ার ব্যাপারে তিনি অবগত রয়েছেন। বিশৃঙ্খলারোধে উভয়পক্ষকে জমিতে না যাওযার জন্য বলা হয়েছিল।
এ ব্যাপারে ভূঞাপুর থানা ওসি একেএম রেজাউল করিম জানান, কয়েড়া দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদ নামে এক বীর মুক্তিযোদ্ধা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এএইচ



