রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অস্ত্রের মুখে গরুবাহী ট্রাক থামিয়ে ১১টি গরু লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় গরু ব্যবসায়ীদের জিম্মি করে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
আহত দুই ব্যবসায়ী হলেন মো. হেলাল গাজী (৪০) ও মিনহাজ গাজী। হেলাল গাজী বরগুনার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের মিনহাজ গাজীর ছেলে।
ভুক্তভোগী হেলাল গাজীর ভাষ্য অনুযায়ী, তিনি ও তার চার সহযোগী গত ১৫ নভেম্বর জয়পুরহাট জেলার ধলুর গরুর হাট থেকে বিভিন্ন দামের ১১টি গরু কেনেন। পরে গরুগুলো একটি ট্রাকে তুলে কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে বরগুনার উদ্দেশে রওনা হন।
ভুক্তভোগীরা জানান, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে গরুবাহী ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল খালি একটি ট্রাক দিয়ে তাদের পথরোধের চেষ্টা করে। পরে শ্রীপুর বাসস্ট্যান্ডের পলাশ ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌঁছালে ডাকাত দল তাদের ট্রাকের গতি সম্পূর্ণ থামিয়ে দেয়।
এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে চার ব্যবসায়ীকে জিম্মি করে মারধর করে। একপর্যায়ে ট্রাকে থাকা ১১টি গরু জোর করে ডাকাতদের ট্রাকে তুলে নিয়ে যায়। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে হেলাল গাজী ও মিনহাজ গাজী আহত হন। পরে ডাকাত দল শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকের একটি সরু রাস্তা দিয়ে পালিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
ঘটনার পর ভুক্তভোগীরা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাদের এবং গরুবাহী খালি ট্রাকটি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, “ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা থানায় এসেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। অপরাধীদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।”
মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত লুণ্ঠিত গরু উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
প্রতিনিধি/এসএস




