মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জ সদর হাসপাতালে আটক ৫ দালালের ৭ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জ সদর হাসপাতালে আটক ৫ দালালের ৭ দিনের কারাদণ্ড
হাসপাতাল থেকে আটককৃত পাঁচ দালাল

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া।

অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত। রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নিতেন। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানা গেছে।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ। তিনি জানান, এসআরবি সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ অপরাধে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর বলেন, জেলা সদর হাসপাতালে সাধারণত গ্রামগঞ্জের সহজ-সরল মানুষ চিকিৎসা নিতে আসেন। এই সুযোগ কাজে লাগিয়ে দালালরা রোগীদের নানা ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা পেতেও ভোগান্তির শিকার হন।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। জনস্বার্থে হাসপাতালসহ বিভিন্ন স্থানে দালালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর