বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ শত শত নারী-পুরুষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঘণ্টাব্যাপী উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
জানা গেছে, প্রথমে উজিরপুর বাজার থেকে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেডের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে বক্তব্য দেন চরমোনাই কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মো. মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মো. ইউসুফ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেড।
বক্তারা বলেন, ইউএনও মো. আলী সুজা দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। গ্রামীণ জনপদের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে তিনি কাজ করেছেন। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, একজন ইউএনও সারাজীবন একই কর্মস্থলে থাকবেন না, এটি তারা জানেন। তবে উজিরপুরে তিনি যেসব উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছেন, সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে তাকে আরও কিছুদিন রাখা প্রয়োজন। একজন দক্ষ, মানবিক ও জনবান্ধব কর্মকর্তাকে এভাবে হারাতে চান না তারা। তাই অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তার অনুরোধে অবরোধ তুলে নেওয়া হলেও মানববন্ধন অব্যাহত রাখেন তারা।
কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি দেন, অনতিবিলম্বে ইউএনও মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিনিধি/এএইচ



