হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করলেও মঙ্গলবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার বিভিন্ন এলাকা। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনকে। এতে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষিকাজ ও সবজি বাজারজাত করতে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকালে অনেক মানুষকে কিছুটা দেরিতে কর্মস্থলের উদ্দেশে বের হতে দেখা গেছে। কৃষকদের আশঙ্কা, কুয়াশা অব্যাহত থাকলে আমন ধান কাটা, আলুর বীজ বপন এবং বিভিন্ন শীতকালীন সবজির ক্ষেত পরিচর্যায় বাড়তি খরচ গুনতে হবে। বিশেষ করে আগাম আলু ও রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
দিনাজপুর সদর উপজেলার আলম বলেন, কয়েক দিন ধরেই কুয়াশা পড়ছে। শীতও অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমতে শুরু করেছে। মঙ্গলবার ঘন কুয়াশা পড়েছে। এভাবে কুয়াশা অব্যাহত থাকলে সবজি চাষে খরচ বেড়ে যাবে।

সদর উপজেলার মিন্ত্রিপাড়া গ্রামের মাহফুজুল ইসলাম দিনার বলেন, আজকের কুয়াশা জানান দিচ্ছে উত্তরের জেলায় শীত এসে গেছে। তারাও শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
ঘুঘুডাঙ্গা গ্রামের জুয়েল ইসলাম বলেন, ঘন কুয়াশা রবি শস্যের জন্য কিছুটা বিপজ্জনক। এতে সবজি চাষে খরচ বাড়বে। বেশি কুয়াশা পড়লে আগাম আলুর জন্য ক্ষতিকর হতে পারে। ফসল রক্ষায় প্রতিদিন কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হলে বাড়তি খরচ হবে।
পাইকারি বাজারে সবজি নিয়ে আসা কৃষক আবুজার বলেন, কুয়াশার কারণে ফজরের নামাজের পর রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে কিছুটা দেরিতে বের হয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে বাজারে আসতে হয়েছে। মঙ্গলবারই এ মৌসুমে প্রথম এত বেশি কুয়াশা দেখেছি।
শহরের বাহাদুর বাজারে সবজি কিনতে আসা একরামুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার কৃষকেরা দেরিতে বাজারে সবজি নিয়ে এসেছেন। এতে বাজারের কার্যক্রমও দেরিতে শুরু হয়েছে।

অন্যদিকে, শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় বাসের সহকারী সিরাজের সঙ্গে। তিনি বলেন, কয়েক দিন ধরে কুয়াশা পড়ছে। তবে মঙ্গলবার কুয়াশার ঘনত্ব ছিল অনেক বেশি। এ কারণে হেডলাইট, ফগলাইটসহ সব ধরনের বাতি জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েক দিন ধরে জেলায় কুয়াশা দেখা যাচ্ছে। তবে মঙ্গলবার এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ কুয়াশা পড়েছে। সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে।
প্রতিনিধি/টিবি




