মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই-এর সমন্বয়ে উপজেলার ভৈরব বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস কর্তৃক ভৈরব বাজার এলাকায় পরিচালিত অভিযানে মহাদেব খই ভান্ডারে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, অনুমোদনহীন রঙ ব্যবহার করে গজা ও নিমকি তৈরি, মেঝেতে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং পোড়া তেল ব্যবহারের মতো অনিয়ম শনাক্ত করা হয়। এ ছাড়া ক্ষতিকর হাইড্রোজ সংরক্ষণ, হাইড্রোজ মিশ্রিত গুড় ব্যবহার, পণ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা এবং খাদ্য উৎপাদনের অনুমোদন না থাকার বিষয়টিও অভিযানে উঠে আসে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই দিন শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজারে দুধালয় মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রইস আল রেজুয়ান। এ সময় দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, কিছু দুধের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন ও বিএসটিআইয়ের একজন পরিদর্শক উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষাগার মোবাইল কোর্টকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি




