মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

পায়ে গুলির মতো ক্ষত নিয়ে লোকালয়ে হাতি, পাশে পাহারায় সঙ্গী

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ এএম

শেয়ার করুন:

পায়ে গুলির মতো ক্ষত নিয়ে লোকালয়ে হাতি, পাশে পাহারায় সঙ্গী
পায়ে গুলির মতো ক্ষত নিয়ে লোকালয়ে হাতি

পায়ের গভীর ক্ষত নিয়ে যন্ত্রণায় ছটফট করছে একটি বন্য হাতি। স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। কিন্তু বিপদের এই সময়ে তাকে একা ছেড়ে যায়নি আরেকটি হাতি। আহত হাতিটির পাশে পাশে ঘুরছে সেটি। চলাফেরায় অসুস্থ সঙ্গীকে সহযোগিতারও চেষ্টা করছে। দুটি হাতির এমন দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে সহানুভূতি ও উদ্বেগ।

ঘটনাটি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকার।

সোমবার (১৬ নভেম্বর) সকালে স্থানীয়রা হাতি দুটিকে লোকালয়ে দেখতে পান।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরেই ওই এলাকায় ঘোরাফেরা করছে হাতি দুটি। এর মধ্যে একটি হাতি গুরুতর আহত। হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে যাওয়ায় ক্ষতস্থানটি সাদা হয়ে গেছে। যন্ত্রণার কারণে পা স্বাভাবিকভাবে মাটিতে ফেলতেও পারছে না হাতিটি।

স্থানীয়দের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী কিংবা অপহরণ ও মানবপাচারকারী চক্রের সদস্যদের কারও গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কীভাবে, কারা বা কী কারণে হাতিটি আহত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত হাতিটির কাছেই অবস্থান করছে আরেকটি সুস্থ হাতি। অসুস্থ হাতিটি চলার চেষ্টা করলে সঙ্গী হাতিটিকে বারবার সহযোগিতা করতে দেখা যায়। একপর্যায়ে আহত হাতিটি পায়ের যন্ত্রণায় থেমে গেলে সুস্থ হাতিটিও তার আশপাশে অবস্থান করে। সঙ্গীকে ছেড়ে না যাওয়ার এমন দৃশ্য স্থানীয়দের আবেগাপ্লুত করেছে।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজারের সদস্য সচিব  এইচএম ফরিদুল আলম শাহীন বলেন, দ্রুত চিকিৎসা না পেলে হাতিটির ক্ষত আরও গুরুতর হতে পারে। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। তাই দেরি না করে বন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠিয়ে হাতিটির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, হাতিটির পায়ে ক্ষত লক্ষ্য করা যায়। তবে সেটি গুলি নাকি অন্যকোনো কারণে হয়েছে, সেটি এখন বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর