গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নয়ানপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ও সাবেক ম্যানেজিং কমিটির এক সদস্যের বিরুদ্ধে নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে আগামী ১৮ নভেম্বর সরেজমিনে তদন্তের উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস।
সোমবার (১৬ নভেম্বর) জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (১৫ নভেম্বর) জারি করা এক চিঠিতে তদন্তের বিষয়টি জানানো হয়। জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মো. ছাইফুল ইসলাম গংয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোছা. খাদিজা খাতুন ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শেখ ফরিদ (মজনু বিএসসি) যোগসাজশে ভুয়া তালিকা দিয়ে বই উত্তোলন, উপবৃত্তির টাকা আত্মসাৎ, পকেট কমিটি গঠন, শিক্ষক নিয়োগ-বাণিজ্য, কালোবাজারে বই বিক্রি, বৈধ জমিদাতাকে কমিটি থেকে বাদ দেওয়া এবং নতুন ম্যানেজিং কমিটি গঠনে ষড়যন্ত্র করেছেন।
চিঠি অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর বুধবার বেলা ১১টায় মাদরাসা প্রাঙ্গণে সরেজমিনে তদন্ত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রমাণাদিসহ উপস্থিত থেকে তদন্তকাজে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
তদন্তপত্রের অনুলিপি জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত সুপার মোছা. খাদিজা খাতুন ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শেখ ফরিদের (মজনু বিএসসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রতিনিধি/এসএস




