শার্শা যশোরের শার্শায় সংবাদ প্রকাশের জেরে মনিরুল ইসলাম মনি নামের এক সাংবাদিককে দুবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম তোতা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার দুপুর ও সন্ধ্যায় তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সোমবার (১৬ নভেম্বর) শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় সাংবাদিকেরা জানান, সাংবাদিকতা শুরুর পর থেকেই মনিরুল ইসলাম মনি বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদের কারণে উপজেলা ও জেলার সাংবাদিকদের কাছে তিনি পরিচিত।
সাংবাদিক মনি জানান, গত ১৪ নভেম্বর সকালে শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের কৃষক গোলাম হোসেন বুদো (৪৫), জামিরুল ইসলাম (৪৫), তার ছোট ভাই আমিরুল ইসলাম (৪০) ও মহসিন্কে (৩২) মারধর ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে রোববার দৈনিক লোকসমাজ পত্রিকায় ‘শার্শায় চাঁদার টাকা না পেয়ে চার কৃষককে মারধরের অভিযোগ সন্ত্রাসী তোতার বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
মনি বলেন, সংবাদ প্রকাশের পর তোতা তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে দুপুর ও সন্ধ্যায় দুবার ফোন করেন। এ সময় তিনি বলেন, ‘তুই কোথায়, আমি তোর মুখোমুখি হতে চাই। তুই আমার নামে নিউজ করেছিস কেন? তুই এখন কোথায় বল, আমি আসছি।’ এ ছাড়া সংবাদ প্রকাশ করে তার কিছুই হবে না বলে হুমকি দেন এবং তাকে হত্যার ভয় দেখান বলে অভিযোগ করেন মনি।
প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন বলেন, সাংবাদিক মনি তার সাহসী প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন অন্যায় ও অনিয়মের তথ্য তুলে ধরেছেন। সাংবাদিকদের কাজই হলো অনিয়ম তুলে ধরা। এ কারণে সরাসরি হত্যার হুমকি দেওয়া দুঃখজনক। মনি থানায় জিডি করেছেন। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রুত হুমকির অভিযোগ তদন্ত করে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস




