ঝিনাইদহ শহরের চাকলাপাড়া ও পুরাতন হাটখোলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নূর তাজ বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সারাদিন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিমুল ইহসান এবং মো. সালমান হায়দারের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় নূর তাজ বেকারিকে এক লাখ টাকা, হাজি বিরিয়ানি, কুমারখালি মিষ্টান্ন ভাণ্ডার ও আবির হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিমুল ইহসান বলেন, নূর তাজ বেকারিতে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ফুড কালারের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া সেখানে খাদ্য উৎপাদনস্থলে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। ডিমের ভেতর মাছি ও অন্যান্য খাদ্যপণ্যের মধ্যেও ময়লা পাওয়া যায়। বেকারিতে অধিকাংশ পণ্যের বিএসটিআই লাইসেন্স না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হয়। অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি সকল রং জব্দ ও ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, এছাড়া শহরের হাজি বিরিয়ানি, কুমারখালি মিষ্টান্ন ভাণ্ডার ও আবির হোটেলকে ট্রেড লাইসেন্স না থাকায় হোটেল রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী মোবাইল কোর্টে যথাক্রমে এক হাজার টাকা, এক হাজার টাকা ও দুই হাজার টাকা সতর্কতামূলক অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
প্রতিনিধি/এএইচ



