ভালোবাসার টানে সুদূর চীন থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। ভিন্ন সংস্কৃতি ও ভাষার সীমানা পেরিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
দুই পরিবারের সম্মতিতে ও মুসলিম শরিয়ত মোতাবেক সম্পন্ন হওয়া এই ব্যতিক্রমী বিয়েকে কেন্দ্র করে গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় এখন বইছে আনন্দের জোয়ার। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক এলাকাবাসী ও দূরদূরান্তের মানুষ।
নার্গিস আক্তার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তার বাবার নাম ঝাং সিনহাই। জ্যাকি পেশায় একজন লরিচালক এবং তার পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।
এই দুই ভিন্ন সংস্কৃতির মানুষের মেলবন্ধন ঘটে কর্মক্ষেত্রের সূত্রে। নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলাম ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি চেউং। কর্মক্ষেত্রেই সিরাজুলের সঙ্গে জ্যাকির সখ্য ও গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল তার বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।
পরিচয়ের পর জ্যাকি নিজের দেশে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত থাকে। মুঠোফোন ও অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোলাগা তৈরি হয়। প্রায় তিন থেকে চার মাসের নিরবচ্ছিন্ন এই যোগাযোগের একপর্যায়ে তাদের সম্পর্ক গভীর ভালোবাসায় রূপ নেয়। পরস্পরের প্রতি বিশ্বাস ও জীবনসঙ্গী করার অটুট সিদ্ধান্ত থেকেই চীন ছেড়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন জ্যাকি।
গত ১ নভেম্বর বাংলাদেশে পৌঁছান জ্যাকি চেউং। এরপর গত ৩ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি এবং একই দিন নোটারি পাবলিকের মাধ্যমে তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তীতে গত ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নিজের অনুভূতি প্রকাশ করে জ্যাকি চেউং বলেন, ‘নার্গিসের সঙ্গে পরিচয়ের পর থেকেই তার প্রতি আমার ভালোলাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে আমাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন নিয়েই আমি সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছি। তাকে বিয়ে করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে বাংলাদেশে এসে নার্গিসের পরিবার ও স্বজনদের যে আন্তরিক ভালোবাসা পেয়েছি, তা আমার হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। সব আনুষ্ঠানিকতা শেষ করে স্ত্রীকে নিয়ে চীনে ফিরে আমরা সুখে-শান্তিতে সংসার করতে চাই।’
নববধূর মুখেও ঝরছে খুশির ঝিলিক। নার্গিস আক্তার বলেন, ‘ভাইয়ের মাধ্যমেই জ্যাকির সঙ্গে আমার পরিচয় হয়। প্রথমে সাধারণ আলাপ হলেও ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একসময় আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। জ্যাকি আমাকে ভালোবেসে সুদূর চীন থেকে বাংলাদেশে চলে আসায় আমি ভীষণ খুশি। পরিবারের পূর্ণ সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। এখন স্বামীর সঙ্গে চীনে গিয়ে একটি সুন্দর ও নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছি।’
বিয়ের পর থেকেই স্ত্রী নার্গিসকে নিয়ে বেশ আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকির। নতুন এই জীবনের শুরুতে বাংলাদেশি পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সান্নিধ্য দারুণভাবে উপভোগ করছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে পাড়ি জমানোর পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকেই দেবগ্রামের পূর্ব তেনাপচা এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ছাড়াও দূরদূরান্ত থেকে নানা বয়সের মানুষ নবদম্পতিকে দেখতে ভিড় করছেন। অনেকেই জ্যাকির সঙ্গে কুশল বিনিময় করছেন এবং ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনসহ পরিবারের সবাই এই ব্যতিক্রমী আয়োজনে দারুণ আনন্দিত।
অন্যদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছুটা সতর্কতার কথাও জানানো হয়েছে। গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ বিয়ের বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে যাচাই করে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
সীমানা, ভাষা ও সংস্কৃতির সব প্রাচীর ভেঙে ভালোবাসা যে জয়ী হতে পারে, জ্যাকি ও নার্গিসের এই ব্যতিক্রমী প্রণয় ও পরিণয় তারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল রাজবাড়ীর মানুষের মনে।
প্রতিনিধি/এসআই




