চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ৩৬টি ভারতীয় মোবাইল ফোন, ৪০ টন পাথর ও একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় জসিম শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিক ও ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। টহলদলটি সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা সড়কে অবস্থান নেয়।
পরে সেখানে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকে (নম্বর: WB-73-G-4001) তল্লাশি চালানো হয়। এ সময় পাথরের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। ট্রাকসহ চালক জসিম শেখকে আটক করা হয়।
আটক জসিম শেখ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে। জব্দ করা মোবাইল ফোন, পাথর ও ট্রাকের মোট মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সব প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের কবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সব প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস




