কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাখি ধরার জন্য তৈরি শতাধিক ফাঁদঘর ধ্বংস করা হয়। পাশাপাশি ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীতের আগমনে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলাবিলসহ বিভিন্ন জলাভূমিতে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। দূর-দূরান্ত থেকে আসা এসব পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে বিলের পরিবেশ। তবে অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি পাখি শিকারিরাও।
গত কয়েক দিন ধরে বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদঘর স্থাপন করে পাখি শিকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্য পেয়ে সোমবার সকালে বিশেষ অভিযান চালায় বন বিভাগ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় শিকারিরা পালিয়ে যায়। পরে বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাখি শিকারে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। এ ছাড়া পাখি ধরার জন্য স্থাপন করা শতাধিক ফাঁদঘর ধ্বংস করা হয়। এ সময় ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা বকগুলোকে মুক্ত করে দেওয়া হয়েছে। অন্যদিকে, জব্দ করা কৃত্রিম বক ও জাল এবং পাখি ধরার ফাঁদঘরগুলো ধ্বংস করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




