আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সিটি প্রেসক্লাব রংপুরের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে শুল্ক গোয়েন্দা ক্যাম্পাসে ক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। তারা তাদের লেখনির মধ্যদিয়ে সমাজ, রাষ্ট্রের উন্নয়নে ভুমিকা রাখেন। আমরা সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের ভালো মন্দ জানতে পারি। আমরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের কাজের পরিবেশ তৈরিতে কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিজ নিজ এলাকায় উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করছি। এই উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। সাংবাদিকদের মাধ্যমে আমরা সেই সময় দেশের প্রকৃত অবস্থা জেনেছি। তারা আমাদের আন্দোলন ও বিএনপিসহ আন্দোলনে সম্পৃক্ত থাকা নেতাকর্মীদের ওপর আওয়ামী সরকার কর্তৃক নির্যাতনের বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছেন। দেশের সকল ক্রান্তিকালে সাংবাদিকরা এগিয়ে এসেছেন জীবন বাজি রেখে। এজন্য দেশের সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা রইলো। এসময় সিটি প্রেসক্লাবসহ রংপুরে কর্মরত সকল সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় অঙ্গিকার করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিস্তা ইউনিভার্সিটি রংপুরের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এক্লেন্সের প্রধান গবেষণা কর্মকর্তা ড. রোকনুজ্জামান। সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উদযাপন কমিটির আহবায়ক শাহ আলম, সদস্য সচিব হাসান ফেরদৌস রাসেল। সঞ্চালনা করেন ক্লাব কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। আলোচনা শেষে ক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এর আগে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন শাহীল ফারহান লিয়ন, রহিমা, কাজল রায়সহ অন্যান্য শিল্পীবৃন্দ।
প্রতিনিধি/টিবি




