পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়ি ও আর এক নেতার অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী একটি মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসে। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা উপজেলা শ্রমিকদলের আহবায়ক শোভন তালুকদার কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে সেগুলো বাইরে এনে আগুন ধরিয়ে দেয় এবং কার্যালয়ের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।
এ ঘটনায় নাজিরপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হরেকৃষ্ণ মণ্ডল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে এ হামলা ও ভাঙচুর চালিয়েছে।
ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি




