নড়াইলের লোহাগড়ায উপজেলায় ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
আটকরা হলেন, উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মো. কালাম শেখ (৫৫) ও একই গ্রামের মন্নু সর্দারের ছেলে মো. মিলন সর্দার (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বিকেলে ডিনএনসি নড়াইল কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন। এসময় কালাম শেখের কাছ থেকে ২৫ পিস ইয়াবা এবং মিলন সর্দারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে বিচারক কালাম শেখকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং মিলন সর্দারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড দেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার ঢাকা মেইলকে বলেন, আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেল-জরিমানা করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




