২৪২ বছরের পুরাতন ঐতিহ্যবাহী যশোর জেলা আইনজীবী সমিতির কার্যক্রম এবার অনলাইন অটোমেশন ও ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনার যুগে প্রবেশ করল। প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক কার্যক্রমকে আধুনিক, গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে চালু করা হয়েছে সমন্বিত ওয়েবসাইট ও অনলাইন অটোমেশন সফটওয়্যার ও অ্যাপস।
রোববার যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল ওকালতনামা বিক্রয়ের মাধ্যমে ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এএইচ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম এ গফুর।
অনুষ্ঠানে প্রথম ডিজিটাল ওকালতনামা ক্রয় করেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম। এ সময় সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা-১, বাসুদেব বিশ্বাসসহ অন্যান্য সিনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর জেলা আইনজীবী সমিতির ওয়েবসাইট www.jashoredba.org.bd চালু করা হয়েছে। ওয়েবসাইটে মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, বিচারপতি লতিফুর রহমান, শহীদ মশিয়ুর রহমান, সুশীল কুমার রায়, সৈয়দ আমীর আলী, আব্দুর রশিদ খাঁন, হাবিবুর রহমান, রওশন আলী, শেখ হাসান ইমাম, কাজী তৌহিদুর রহমান, আব্দুল হক, নূর ইসলাম, কাজী আব্দুস শহীদ লাল, এ কে মনজুরুল হকসহ ধারাবাহিকভাবে যশোরের আইনাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে ওকালতনামাসহ সমিতির সব ধরনের প্রয়োজনীয় ফরম অনলাইনে প্রস্তুত ও প্রিন্ট করার সুবিধা। ফরম বিক্রয়, বিক্রয়সংক্রান্ত হিসাব এবং সংশ্লিষ্ট সব আর্থিক লেনদেন সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা যাবে। ফলে ফরম সংগ্রহ ও ব্যবস্থাপনায় সময় সাশ্রয় হবে। পুরো প্রক্রিয়াটি আরও সহজ ও সুশৃঙ্খল হবে।
একই সঙ্গে প্রতিটি আর্থিক লেনদেনের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকায় আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। এই ডিজিটাল উদ্যোগের ফলে সমিতির আর্থিক কার্যক্রমকে ধীরে ধীরে ক্যাশলেস বা নগদ অর্থনির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেন ব্যবস্থার দিকে এগিয়ে নেওয়া। সদস্যদের বিভিন্ন ধরনের চাঁদা, ফি, ভাড়া, ফরম ক্রয় এবং অন্যান্য আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন ও সংরক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। প্রতিটি লেনদেনের তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকায় পরবর্তী সময়ে লেনদেনের ইতিহাস, হিসাব ও আর্থিক প্রতিবেদন সহজে যাচাই করা সম্ভব হবে। এতে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভুলতা বৃদ্ধি পাবে। নগদ অর্থ ব্যবস্থাপনার ওপর নির্ভরশীলতা কমবে।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এএইচ সাবেরুল হক সাবু বলেন, আইনজীবী সমিতির ইতিহাস, ঐতিহ্য, বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট আইনজীবীদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহাসিক তথ্য সংরক্ষণের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার হিসেবে কাজ করবে। নতুন প্রজন্মকে যশোরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সমৃদ্ধ করবে।
তিনি আরও জানান, আইনজীবী সমিতির প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক কার্যক্রমকে আধুনিক, গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে চালু করা হয়েছে সমন্বিত ওয়েবসাইট ও অনলাইন অটোমেশন সফটওয়্যার ও অ্যাপস। এই মাধ্যমে সমিতির প্রচলিত ম্যানুয়াল কার্যক্রমকে পর্যায়ক্রমে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ক্যাশলেস লেনদেন, অনলাইন ফরম ব্যবস্থাপনা, ডিজিটাল হিসাবরক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মতো গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




