রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

পুনর্ভবার তীরে ছট পূজা, ‘সূর্য দেবতা’র আরাধনায় হাজারো পুণ্যার্থীর ঢল

সুমন চন্দ্র, দিনাজপুর
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

পুনর্ভবার তীরে ছট পূজা, ‘সূর্য দেবতা’র আরাধনায় হাজারো পুণ্যার্থীর ঢল

দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে ‘সূর্য দেবতা’র আরাধনায় নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে ছট পূজা। সূর্যাস্ত ও সূর্যোদয়কে কেন্দ্র করে দুই দিনব্যাপী এ পূজায় নদীর তীরে সমবেত হয়েছেন হাজারো পুণ্যার্থী। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে নদীর দুই পাড়।

প্রতি বছর কালীপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এ পূজার আয়োজন করা হয়। দিনাজপুরের পুনর্ভবা নদীর সাধুর ঘাট, ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীর তীরসহ জেলার ১৯টি নদীর তীরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

মনোবাসনা পূরণ, আপদ-বিপদ থেকে মুক্তি এবং বিভিন্ন মানত পূরণের আশায় হিন্দু ধর্মাবলম্বীদের হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের সমাগম ঘটে। পুণ্যার্থীদের পদচারণায় নদীর তীর হয়ে ওঠে মুখর। সৃষ্টি হয় এক অনন্য মিলনমেলার।

রোববার (১৫ নভেম্বর) ছিল ছট পূজার প্রথম দিন। সূর্যাস্তের আগে থেকেই উপবাস পালন করে ফুল, ফল, প্রসাদ, বাদ্যযন্ত্র ও পূজার নানা উপকরণ নিয়ে পুণ্যার্থীরা সমবেত হন দিনাজপুর শহরের কাঞ্চন সেতুসংলগ্ন পুনর্ভবা নদীর সাধুর ঘাটে। সূর্যাস্তের ঠিক আগে নদীতে স্নান সেরে হাঁটুপানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে শুরু করেন পূজা-অর্চনা। সূর্য ডোবার পর ধর্মীয় আচার শেষে তারা বাড়ি ফিরে যান।

02

সোমবার (১৬ নভেম্বর) ভোরে আবারও নদীর তীরে সমবেত হবেন পুণ্যার্থীরা। সূর্যোদয়ের আগ মুহূর্ত থেকে শুরু হবে দ্বিতীয় দিনের পূজা। সূর্য ওঠার পর ‘সূর্য দেবতা’কে প্রণাম, নদীতে স্নান ও শরবত পানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন। পূজা শেষে একে অপরকে আবির মাখিয়ে আনন্দ-উৎসবে মেতে উঠবেন তারা।

এদিকে সন্তান লাভের আশায় অনেক পুণ্যার্থী ভোরে নদীতে মাটির তৈরি বড় বড় হাতির পিঠে প্রদীপ জ্বালিয়ে তা নদীতে ভাসিয়ে দেন। তাদের বিশ্বাস, সূর্যদেবতার আশীর্বাদে পূরণ হবে মনের আশা।

সূর্য পূজা করতে আসা ঈশ্বর চন্দ্র গুপ্ত, মালা সরকার ও শুক্লা সাহা বলেন, আমরা সূর্য দেবতাকে সন্তুষ্ট করতেই এই পূজা করে থাকি। এই পূজাকে ছট পূজাও বলা হয়। ছট পূজার মাধ্যমে সূর্য দেবতা সন্তুষ্ট হয় আর আমাদের মনবাসনা, মানত পূরণ করে দেয়। এই আশায় আমরা প্রতি বছর ছট পূজা করতে আসি এই পুনর্ভবা নদীর তীরে। এছাড়াও জগতের সকলের শান্তি কামনায় এই পূজা করা হয়ে থাকে।

ছট পূজা মূলত হিন্দু ধর্মাবলম্বীদের হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে প্রচলিত হলেও পুনর্ভবা নদীর তীরে এ আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে পরিণত হয় সর্বজনীন উৎসবে। পূজাকে ঘিরে নদীর পাড়ে বসে নানা ধরনের খেলনা ও খাবারের দোকান। পরিবার-পরিজন নিয়ে অনেকেই আসেন এ উৎসব দেখতে। ধর্মীয় ভক্তি, আনন্দ আর সম্প্রীতির মেলবন্ধনে পুনর্ভবা নদীর তীর হয়ে ওঠে এক প্রাণবন্ত জনসমাগমস্থল।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর