সীমান্ত দিয়ে পলাতক ও ফেরারি আসামি, অপরাধী এবং দুষ্কৃতকারীদের অবৈধ যাতায়াত ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষায় টহল বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা, বিশেষ অভিযান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গুজব, অপপ্রচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় দিন-রাত বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ শনাক্ত করতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট এবং লেজার রেঞ্জ ফাইন্ডারসহ আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ, পলাতক ও ফেরারি আসামিদের পালিয়ে যাওয়া কিংবা অবৈধভাবে দেশে প্রবেশের সুযোগ বন্ধ করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ কাজে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য আদান-প্রদান করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং ও উঠান বৈঠকও করা হচ্ছে।

মতবিনিময় সভায় আরও জানানো হয়, রাতের অন্ধকারে সীমান্তের দুর্গম এলাকায় নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অন্ধকার ও দুর্গম এলাকায় সন্দেহজনক চলাচল দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্ত পরিস্থিতি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তা যাচাই না করে প্রচার না করার আহ্বান জানিয়েছে বিজিবি। পাশাপাশি অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিকে আশ্রয় না দেওয়া এবং অবৈধ সীমান্ত পারাপারে কেউ সহায়তা করলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে বিজিবির পক্ষ থেকে বলা হয়, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অবৈধ সীমান্ত পারাপারের পথ, মানবপাচারকারী চক্র কিংবা অপরাধীদের গতিবিধি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করা যেতে পারে।
সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কোনো পলাতক বা ফেরারি আসামি কিংবা অপরাধী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জরুরি তথ্য জানাতে বিজিবির হটলাইন
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সন্দেহজনক চলাচল, অপরাধমূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য জানাতে বিজিবির নির্ধারিত হটলাইন নম্বর ০১৭৬৯৬০৪১১৫-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তথ্য প্রদানকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিনিধি/এসএস




