জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে ১২০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন স্থানীয় বিএনপি নেতা সাজ্জাদুল বারী দুলাল। রোববার (১৫ নভেম্বর) বিকেলে শুরু হওয়া এ মহড়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
বিকেল ৪টার দিকে উপজেলার মোলামগাড়ী বাজারে নিজের বাড়ি থেকে মহড়া শুরু করেন দুলাল। পরে মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এর মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার জানান দেন তিনি।
সাজ্জাদুল বারী দুলাল কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার বাবা ইয়াকুব আলী ফকির জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বাবার রাজনৈতিক ঐতিহ্য ও এলাকার মানুষের সেবা করার প্রত্যাশা থেকে এবার নিজে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বলে জানিয়েছেন দুলাল।
মহড়ায় অংশ নেওয়া জিন্দারপুর ইউনিয়নের ইটাইল গ্রামের দুলাল হোসেন বলেন, সাজ্জাদুল বারী দুলাল একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। আসন্ন নির্বাচনে তাকে দলীয় সমর্থন দেওয়া উচিত বলে তারা মনে করেন। এ দাবিতেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল মহড়ায় অংশ নিয়েছেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল বারী দুলাল বলেন, তার বাবা চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। তার উত্তরসূরি হিসেবে তিনিও এলাকার সেবা করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশায় আয়োজিত মহড়ায় ২২০০ মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এখনো কাউকে চূড়ান্ত দলীয় সমর্থন দেয়নি বিএনপি। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নেই বিএনপির একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্য থেকে এখনো কাউকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়নি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কালাই উপজেলার প্রতিটি ইউনিয়নেই বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরমধ্যে জিন্দারপুর ইউনিয়নে দুলালের এই মোটরসাইকেল মহড়া এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
প্রতিনিধি/এসএস




