সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।
এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় একজন উপস্থিত ছিলেন। অন্যজন পলাতক আছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের শরিফুল ইসলাম (পলাতক) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের জিয়াউল হক।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১৩ জুন র্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউল হকে আটক করে র্যাব সদস্যরা। এ ঘটনায় র্যাব-১২ এর ডিএডি আবুল বাশার বাদী হয়ে মামলা করেন।
অপরদিকে, ২০১২ সালের ১৩ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের কাছে খবর আসে মামুদপুর গ্রামের আনোয়ার বেগমের ঘরের মধ্যে হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আনোয়ার বেগম ও তার কিশোর ছেলে শরিফুল ইসলাম (১৪)কে আটক করে পুলিশ। পরে তাদের হেফাজতে রাখা ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় পুলিশের উপ-পরিদর্শক আসলাম হোসেন এ মামলা করেন। মামলা তদন্ত শেষে শরিফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সাক্ষ্য প্রমাণ শেষে আজ পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত।
প্রতিনিধি/এলএ




