আজ ১৫ নভেম্বর। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পিরোজপুরের মানুষের কাছে এটি এক বিভীষিকাময় ও শোকের দিন। ১৯ বছর আগের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর' লণ্ডভণ্ড করে দিয়েছিল এ জনপদ। কেড়ে নিয়েছিল প্রায় পাঁচ শতাধিক মানুষের প্রাণ এবং ধ্বংস করেছিল দেড় লক্ষাধিক বসতঘর। দীর্ঘ প্রায় দুই যুগ অতিক্রান্ত হতে চললেও সিডরের ক্ষত আজও শুকায়নি। ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো আজও পুরোপুরি সংস্কার বা টেকসইভাবে নির্মিত না হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের স্থায়ী আতঙ্ক ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন নদীপারের লক্ষাধিক মানুষ।
২০০৭ সালের এই দিনে প্রকৃতির এক নির্মম রূপ দেখেছিল পিরোজপুরবাসী। সেদিন ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) সারাদিন বৃষ্টির পর রাত ১২টা নাগাদ শুরু হয় তীব্র বেগের বাতাস। এরপর রাত ২টার দিকে পূর্ণাঙ্গ রূপ নেয় সিডরের ভয়াবহতা। প্রলয়ঙ্করী বাতাস আর নদীর অস্বাভাবিক জোয়ারের তোড়ে মুহূর্তেই সবকিছু ভাসিয়ে নিয়ে যায় কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদী।
ঘূর্ণিঝড় সিডরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, খেতাচিড়া, মাঝেরচরসহ ভাণ্ডারিয়া, ইন্দুরকানী (জিয়ানগর) এবং সদর উপজেলার নদীপারের মানুষ মারাত্মক ক্ষতির শিকার হন। শুধু পিরোজপুর নয়, উপকূলীয় জেলা বাগেরহাট ও সাতক্ষীরাসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় সেদিন ব্যাপক প্রাণহানি ঘটেছিল।
আজও কাটেনি আতঙ্ক, অরক্ষিত জনপদ
সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের মঠবাড়িয়া, ইন্দুরকানী, ভাণ্ডারিয়া ও সদর উপজেলার নদীপারের মানুষের মন থেকে ভয় কাটেনি একটুও। আজও সেই ভয়াল রাতের কথা মনে পড়লে আঁতকে ওঠেন সাধারণ মানুষ। কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর দুই তীরে পর্যাপ্ত ও টেকসই বেড়িবাঁধ গড়ে না ওঠায় জোয়ারের পানি কিংবা সামান্য বর্ষাতেই প্লাবিত হয় নিম্নাঞ্চল।
নদীর ভাঙন এবং অরক্ষিত বেড়িবাঁধের কারণে চরম দুশ্চিন্তা ও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। বছরের পর বছর পেরিয়ে গেলেও টেকসই বাঁধ নির্মাণের দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান না পাওয়ায় স্থানীয়দের ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে।
উদ্ধার ও সচেতনতায় রেড ক্রিসেন্ট
২০০৭ সালে সিডর পরবর্তী সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিল পিরোজপুর রেড ক্রিসেন্ট। তাদের সদস্যরা সেদিন উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও প্রাথমিক চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট আরও বেশি দক্ষ ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন এর চেয়ারম্যান আলমগীর হোসেন।
পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য
পানি উন্নয়ন বোর্ড পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার জানান, কঁচা নদীর বেড়িবাঁধের সমীক্ষার কাজ বর্তমানে চলমান রয়েছে। সমীক্ষার প্রতিবেদনে যে সমস্ত এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হবে, সেগুলোর ডিপিপি দাখিল করে দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে।
জেলা প্রশাসনের প্রস্তুতি
পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী জানান, জেলায় ৪২৪টি আশ্রয়ণ প্রকল্প রয়েছে এবং এগুলো সম্পূর্ণ সক্রিয় রয়েছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে জেলা প্রশাসন সর্বদা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
২০০৭ সালের সিডরের পর একে একে ফণী, আইলা ও আম্ফানের মতো বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলেও আজও পিরোজপুরের ভাঙা বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে সংস্কার হয়নি। ফলে সামান্য ঝড়-বৃষ্টিতেই আতঙ্কে দিন কাটছে নদীপারের লাখো মানুষের। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে উপকূলের এই জনপদকে স্থায়ী সুরক্ষার আওতায় আনা এখন সময়ের দাবি।
প্রতিনিধি/এলএ




